
আসন্ন ফুটবল বিশ্বকাপকে আরও বর্ণিল ও বৈশ্বিক সাংস্কৃতিক উৎসবে পরিণত করতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে অংশ নিতে পারেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিন দেশের স্থানীয় শিল্পীদের পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন Katy Perry, Future, Alanis Morissette এবং Michael Bublé। এছাড়া কানাডার অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন ভারতীয় শোবিজ অঙ্গনের পরিচিত মুখ Nora Fatehi।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা মেক্সিকো সিটির ঐতিহাসিক Estadio Azteca স্টেডিয়ামে। আগামী ১১ জুন আয়োজিত ওই ম্যাচে স্বাগতিক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠিত হতে পারে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে পারফর্ম করতে পারেন কলম্বিয়ার তারকা J Balvin, মেক্সিকোর জনপ্রিয় রক ব্যান্ড Maná এবং পপ তারকা Alejandro Fernández।
এছাড়া মেক্সিকোর লাতিন পপ তারকা Belinda এবং গায়ক-সুরকার Lila Downs-কেও অনুষ্ঠানে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী Tyla এবং মেক্সিকান সংগীতদল Los Ángeles Azules-এর অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে।
ফিফা সভাপতি Gianni Infantino উদ্বোধনী আয়োজন নিয়ে বলেন, পুরো বিশ্ব যেন একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পারে, সে লক্ষ্যেই পরিকল্পনা করা হচ্ছে। তার ভাষায়, ফুটবল ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে তুলে ধরা হবে। তিনি জানান, মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো ও লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই উৎসবের আবহ ছড়িয়ে পড়বে।
১২ জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে কানাডা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। সেই ম্যাচের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে পারেন Alanis Morissette, Michael Bublé, Alessia Cara, Jessie Reyez এবং Nora Fatehi। আয়োজকরা কানাডার সাংস্কৃতিক বৈচিত্র্যকে বিশ্বের সামনে তুলে ধরার পরিকল্পনা করছেন বলেও জানা গেছে।
একই দিনে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকতে পারে তারকাদের বিশাল সমাবেশ। সেখানে পারফর্ম করতে পারেন Katy Perry, Future, Lisa, Anitta, Rema এবং Tyla।
বিশ্বকাপ ফুটবল শুধু ক্রীড়া আয়োজন নয়, বরং বৈশ্বিক সংস্কৃতি ও বিনোদনের অন্যতম বৃহৎ মঞ্চে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চায় ফিফা। আয়োজকরা মনে করছেন, তিন দেশে পৃথক উদ্বোধনী আয়োজন বিশ্বকাপের বৈশ্বিক আবেদন আরও বাড়াবে এবং কোটি কোটি দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা তৈরি করবে।