
রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। আগামী ১০ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৪ মে পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত এলাকাগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
সূচি অনুযায়ী, ১০ মে দেওয়ানপাড়া ফিডারের আওতাধীন দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়, চেয়ারম্যানের মোড়, নজিরের মোড়, বেলঘড়িয়া, পশ্চিমপাড়া ও উকিলের মোড় এলাকায় বিদ্যুৎ থাকবে না। ১১ মে রাবি স্টেশন ফিডারের আওতাধীন জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।
১২ মে সুগারমিল ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, আদর্শ কলেজ, নতুন এমাদপুর, রুপসিডাঙ্গা, হরিয়ান বাজার, সুগারমিল, মৃধাপাড়া, তেতুলতলা ও বাইপাস এলাকায় সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। ১৩ মে দেওয়ানপাড়া ফিডারের আওতায় গোয়ালপাড়া, শ্যামপুর থান্ডারপাড়া, শ্যামপুর মোল্লাপাড়া ঈদগাহ, শ্যামপুর মধ্যপাড়া, শ্যামপুর নগরপাড়া ও শ্যামপুর পানিশোধনাগার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
১৪ মে মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন কড়াইতলা মোড়, দয়ারপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকায় কাজ চলবে। এরপর ১৬ মে বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় সাময়িক বিদ্যুৎ বন্ধ থাকবে।
১৭ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতায় বাংলা ট্রাক, পাহারপুর ও কাপাশিয়া তালুকদার/সরদারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। ১৮ মে কাপাশিয়া ফিডারের আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়া ১৯ মে বনগ্রাম ফিডারের আওতায় কিসমত কুখন্ডি, কুখন্ডি, সোনারপাড়া ও বামনশিখড় (মা ভাটা) এলাকায় সরবরাহ বন্ধ থাকবে। ২০ মে কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় একই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
২১ মে কাপাশিয়া ফিডারের আওতাধীন কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া ও ভাংড়া এলাকায় কাজ পরিচালনা করা হবে। ২৩ মে বিহাস ফিডারের আওতায় মাসকাটাদীঘি, কাটাখালী বাজার, বিহাস, চৌদ্দপাই ও আবহাওয়া অফিস এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আর ২৪ মে পদ্মা আবাসিক ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে এই কাজ অত্যন্ত জরুরি। কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।