
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ শারমিন রিনভী। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
শুক্রবার (৮ মে) টিএসসি-তে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে রাত প্রায় ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস খান ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. এম কামাল উদ্দিন জসিম পান ১২৬ ভোট।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন। তারা হলেন তারিকুল ইসলাম খান রবিন, মো. নূরুল করিম ভূঁইয়া, কবির আহমেদ খান, শারমিন আক্তার এবং শাহেদ আলম।
একক প্রার্থী হওয়ায় সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শাহনাজ শারমিন রিনভী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাকিল হাসান। একই পদে আরও বিজয়ী হয়েছেন জেসমিন জাহান মুন এবং মো. মাজেদুল হাসান পায়েল।
অর্থ সম্পাদক পদে তাকী মোহাম্মদ জোবায়ের এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসউদ বিন আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদেও একাধিক সদস্য নির্বাচিত হয়েছেন।
১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন আবুল কালাম আজাদ, হাসান উল্লাহ খান, আনোয়ার হোসেন মজুমদার, ইশরাত জাহান শোভা এবং তৌফিক মাহমুদ।
এর আগে বিকেল থেকে আয়োজিত ‘যোগাযোগ উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ এ এম সালেহ শিবলী। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের প্রবীণ শিক্ষক ড. গোলাম রহমান, এস এ এম মাহফুজুর রহমান এবং অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মীর মাসরুরুজ্জামান রনি।
পুরো অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা, স্মৃতিচারণ এবং আড্ডায় মুখর ছিল পুরো ক্যাম্পাস। ‘যোগাযোগ উৎসব’ যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল।