
চলতি বছর পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এসব যাত্রী মোট ১২৮টি ফ্লাইটে সৌদিতে যান।
শনিবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ক্যাব), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এই পরিসংখ্যান প্রকাশ করে।
বুলেটিন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে গেছেন ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন।
মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ২৫ জন হজযাত্রী।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ ব্যবস্থাপনায় কাজ করছে মোট ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এবারের হজ কার্যক্রমের প্রথম ফ্লাইটটি গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।