বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অবিশ্বাস্য এক নাটকীয় ম্যাচের সাক্ষী হলো বসুন্ধরা কিংস অ্যারেনা। পুলিশ এফসির বিপক্ষে ম্যাচটি শেষ হতে সময় লাগে প্রায় ১৬৮ মিনিট। দীর্ঘ বিরতি, বাইলজ নিয়ে বিতর্ক, লাল কার্ড ও শেষ মুহূর্তের উত্তেজনায় ম্যাচটি শেষ হয় ১-১ গোলে সমতায়। ম্যাচের ৬৩ মিনিটে বড় ধরনের জটিলতা তৈরি হয়। বল দখলকে কেন্দ্র করে বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিমকে ধাক্কা দেন পুলিশ এফসির ব্রাজিলিয়ান ফুটবলার পাওলো হেনরিখ। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর বদলি খেলোয়াড় নামানো নিয়ে তৈরি হয় বিতর্ক। পুলিশ এফসি একজন স্থানীয় খেলোয়াড় তুলে বিদেশি খেলোয়াড় নামাতে চাইলেও বাংলাদেশ ফুটবল লিগের বাইলজ অনুযায়ী একজন বিদেশির পরিবর্তে কেবল আরেকজন বিদেশিকেই নামানো সম্ভব। বাইলজের ২৭.১ ধারায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও শুরুতে সেটি মানতে রাজি হয়নি পুলিশ এফসির কোচিং স্টাফ। এ নিয়ে রেফারি, ম্যাচ কমিশনার ও পুলিশ এফসির কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা চলে। প্রায় এক ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। দুই দলের খেলোয়াড়রাও মাঠে অপেক্ষা করতে থাকেন। শেষ পর্যন্ত নিয়ম মেনে খেলতে সম্মত হয় পুলিশ এফসি। পরে অতিরিক্ত সময় হিসেবে যোগ করা হয় ২৭ মিনিট। তবে একজন বেশি নিয়ে খেলেও সেই সুবিধা কাজে লাগাতে পারেনি বসুন্ধরা কিংস। উল্টো রিমন হোসেন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ফলে নাটকীয় এই ম্যাচে দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এর আগে ম্যাচের ৩৫ মিনিটে দরিয়েলতন গোমেজের গোলে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু বিরতির পরপরই পাওলো হেনরিখ গোল করে পুলিশ এফসিকে সমতায় ফেরান। এরপরই শুরু হয় দীর্ঘ বিতর্ক ও নাটকীয়তা। এই ড্রয়ের ফলে শিরোপা লড়াইয়ে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ১৬ ম্যাচ শেষে ৩৪ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তবে গাজীপুরে পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। দুই দলেরই বাকি আছে দুটি করে ম্যাচ। আগামী শুক্রবার কুমিল্লায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও আবাহনী। সেই ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী লড়াইয়ে রূপ নিয়েছে। দ্বিতীয় পর্বে এখনো অপরাজিত রয়েছে মারুফুল হকের আবাহনী। টানা সাত ম্যাচে জয় পাওয়ায় দলটি এখন দারুণ আত্মবিশ্বাসী। ফলে শিরোপা ধরে রাখতে কঠিন পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে বসুন্ধরা কিংস। দিনের অন্য ম্যাচে ফকিরেরপুলের বিপক্ষে গোল উৎসব করেছে ফর্টিস এফসি। ৭-১ গোলের বড় জয় তুলে নেয় তারা। দলের হয়ে একাই চার গোল করেন পা ওমর বাবু। এছাড়া ওকাফোর করেন জোড়া গোল। ১৬ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ফর্টিস এফসি।