
মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার বা যকৃত। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা, হজমে সহায়তা করা এবং শক্তি সংরক্ষণসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। তবে অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এবং কম পানি পান করার কারণে লিভারের ওপর চাপ পড়ে এবং এর কার্যক্ষমতা কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে লিভারকে সুস্থ রাখা সম্ভব।
রসুন লিভারের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এতে থাকা সালফার লিভারের এনজাইম সক্রিয় করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। প্রতিদিন সকালে ১-২ কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
হলুদে থাকা ‘কারকিউমিন’ উপাদান লিভারের চর্বি কমাতে এবং কোষ পুনর্গঠনে সাহায্য করে। গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীরে অতিরিক্ত চর্বি জমা প্রতিরোধ করে। দিনে দুইবার চিনি ছাড়া গ্রিন টি পান করা উপকারী।
লেবু, আমলকী ও পেয়ারা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। সকালে গরম পানির সঙ্গে লেবুর রস পান করলে লিভার পরিষ্কার রাখতে সহায়তা হয়।
পালং শাক, ব্রকলি, করলা ইত্যাদি সবজি রক্ত থেকে ক্ষতিকর উপাদান দূর করতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে এগুলো অন্তর্ভুক্ত করলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।
সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এবং নিয়মিত এসব খাবার গ্রহণ করলে লিভার দীর্ঘদিন সুস্থ রাখা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করেন।