প্রিন্ট এর তারিখঃ May 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 6, 2026 ইং
‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে ঘিরে নাসীরুদ্দীন পাটওয়ারীর বার্তা

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশের পর তাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার-এ চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এই খবর প্রকাশের পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।” রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর হয়ে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন।
মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে জানানো হয়েছে, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এমন মানবিক বার্তা রাজনৈতিক অঙ্গনে একটি ভিন্নধর্মী দৃষ্টান্ত তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা