
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন শিক্ষার্থী, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করেন।
বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় চৌমুহনী ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত জিত দেবনাথও এসএসসি পরীক্ষার্থী এবং বেগমগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে দুই বন্ধু একসঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এক পর্যায়ে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তন্ময়ের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত জিত দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী দুপুর পৌনে ৩টার দিকে মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘণ্টা সড়ক বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। তবে সংশ্লিষ্ট অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনম ইমরান খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়ার পর তারা সড়ক অবরোধ তুলে নেয়। ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।