
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির সুরক্ষা এবং ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের এক অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমকে আধুনিক ও ডিজিটাল কাঠামোর মধ্যে আনতে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, দেশের গণমাধ্যম খাত এখনও অনেক ক্ষেত্রে পুরোনো ও অ্যানালগ কাঠামোর ওপর নির্ভরশীল। অথচ বিশ্ব এখন দ্রুত ডিজিটাল যুগে প্রবেশ করছে। এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক ও সমন্বিত গণমাধ্যম ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণমাধ্যম খাতে বিদ্যমান কাঠামোগত দুর্বলতা চিহ্নিত না হওয়ায় কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে এগিয়ে যেতে চায়।
ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব মোকাবিলায় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো হবে এবং তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করা হবে।
তিনি বলেন, সরকারের সক্ষমতা ও গণমাধ্যমের প্রত্যাশার মধ্যে যে ব্যবধান রয়েছে, তা রাষ্ট্রীয় দুর্বলতার প্রতিফলন। তবে সেই সীমাবদ্ধতা কাটিয়ে আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রবেশের কাজ চলছে।
সাংবাদিকদের বেতন কাঠামো ও চাকরির নিরাপত্তা প্রসঙ্গে মন্ত্রী জানান, ইতোমধ্যে মালিকপক্ষের সংগঠন নোয়াবের সঙ্গে নীতিগত আলোচনা হয়েছে এবং শিগগিরই টেলিভিশন মালিকদের সঙ্গেও বৈঠক হবে।
তিনি বলেন, সাংবাদিকরা সম্মানিত পেশার মানুষ। তাই আইন অনুযায়ী তাদের জন্য মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো, নিরাপদ কর্মপরিবেশ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ গ্রহণ করবে।