
হজ পালনে বয়সসীমা নিয়ে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব। ১৫ বছরের নিচে শিশুদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আগের নিয়ম পুনর্বহাল করা হয়েছে, যেখানে ১২ বছর বা তার বেশি বয়সীরা হজে অংশ নিতে পারবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের ৩ মে থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগেই তা বাতিল করা হয়। এর ফলে যারা বয়সসীমার কারণে সমস্যায় পড়েছিলেন, তাদের জন্য পরিস্থিতি সহজ হয়ে এসেছে।
নতুন বয়সসীমার কারণে যেসব ভিসা আবেদন বাতিল হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করা হবে বলে জানানো হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হজযাত্রীরা কোনো প্রশাসনিক জটিলতা ছাড়াই তাদের ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন।
ডিরেক্টরেট জেনারেল অব হজ নিশ্চিত করেছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। ফলে কম বয়সী হজযাত্রীদের জন্য পূর্বের নিয়ম আবার চালু হলো।
এর আগে সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল, ২০২৬ সালের হজে ১৫ বছরের নিচে কেউ অংশ নিতে পারবে না। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে অনেক আবেদনকারীর ভিসা বাতিল এবং অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি এয়ারলাইনগুলোকেও কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল, নির্ধারিত বয়সসীমার নিচের যাত্রীদের পরিবহন না করতে।
সর্বশেষ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে আবেদন প্রক্রিয়া সহজ হবে এবং বহু পরিবার তাদের সন্তানদের নিয়ে হজ পালনের সুযোগ ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।