
রাজধানীর ডেমরায় উল্টো পথে আসা একটি ট্রাকের চাপায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে ডেমরা রোডের দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মাশরাফি মুস্তাকিম আলিফ (২৫)। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আলিফ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার বাবার নাম জুয়েল দেওয়ান। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। পড়াশোনার পাশাপাশি তিনি একটি পার্টটাইম চাকরিও করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে চলছিল। ওই সময় মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন আলিফ। দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে ট্রাকটি তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা ও পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক রাশেদুল ইসলাম জানান, হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প নিশ্চিত করেছে, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।