
ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য নেওয়া হয়েছে বিরল প্রজাতির একটি অ্যালবিনো মহিষ। গোলাপি ত্বক ও সোনালি লোমের কারণে প্রাণীটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। প্রায় ৬৮০ কেজি ওজনের এই মহিষটি বিরল ‘অ্যালবিনো’ বৈশিষ্ট্যের হওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয়ভাবে মহিষটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্য রেখে ‘ট্রাম্প’ নামেও উল্লেখ করা হয়। সম্প্রতি প্রাণীটি নিয়ে দেশীয় গণমাধ্যমে খবর প্রকাশের পর আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, যা ব্যাপক আগ্রহ তৈরি করে।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পর বুধবার (২৭ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে মহিষটিকে উদ্ধার করে পুলিশ। পরে এটি জাতীয় চিড়িয়াখানায় নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্ম থেকে মহিষটি কিনেছিলেন কেরানীগঞ্জের বাসিন্দা মনিরুজ্জামান। তবে বিষয়টি গণমাধ্যমে আসার পর প্রাণীটির বিরলতা ও জনআগ্রহ বিবেচনায় সরকার এটিকে সংরক্ষণের উদ্যোগ নেয়। সরকারিভাবে সংশ্লিষ্ট দপ্তরকে প্রাণীটির যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, মহিষটির ত্বকে মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের অ্যালবিনো বৈশিষ্ট্য দেখা যায়, যা প্রতি ১০ হাজার মহিষের মধ্যে মাত্র একটির ক্ষেত্রে ঘটে। তাই এটিকে বিরল প্রাণী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর জানান, মহিষটির জন্য বিশেষ শেড প্রস্তুত করা হয়েছে। তবে শুরুতে দুই সপ্তাহের জন্য এটিকে কোয়ারেন্টিনে রাখা হবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের ভিত্তিতে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রাণীটির পূর্বের ক্রেতা মনিরুজ্জামানকে ন্যায্য মূল্য পরিশোধ অথবা কোরবানির জন্য বিকল্প গরু দেওয়ার বিষয়েও সরকারিভাবে আলোচনা চলছে বলে জানা গেছে।