
অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড-এর পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই মাস ধরে ক্রুড অয়েল আমদানি বন্ধ থাকায় রোববার (১২ এপ্রিল) বিকেল থেকে কারখানাটির কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সাধারণত ইস্টার্ন রিফাইনারি দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন অপরিশোধিত তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাসে উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামানো হয়েছিল।
বর্তমানে ক্রুড তেলের মজুত দ্রুত কমে যাওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। গত ৪ মার্চ পর্যন্ত ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে বলে জানা গেছে।
এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে ক্রুড অয়েল আমদানি ব্যাহত থাকলে জ্বালানি খাতে চাপ বাড়তে পারে এবং পরিশোধিত তেলের বাজারে অস্থিরতা তৈরি হতে পারে।