প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
৩০ সেকেন্ডের ভিডিওতে ঝড় তুললেন পরীমনি

অনেকদিন ধরেই কাজের বাইরে থাকায় আলোচনায় ছিলেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঙ্গিলা কিতাব’ সিরিজে অভিনয়ের মাধ্যমে কিছুটা প্রশংসা কুড়ালেও এরপর থেকে তাকে তেমন নতুন কোনো কাজে দেখা যায়নি। ফলে আলোচনার কেন্দ্র থেকেও কিছুটা দূরেই ছিলেন তিনি।
তবে হঠাৎ করেই আবারও আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এবার অভিনয় নয়, একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টের মাধ্যমেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে সম্প্রতি ৩০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি, যা প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে।
ভিডিওটি পোস্টের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই প্রায় ১৬ লাখ ভিউ অতিক্রম করে। পাশাপাশি ৪৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় ৮ হাজার মন্তব্য জমা পড়ে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ বহন করে।
ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলে সাঁতারের পোশাকে উপস্থিত হয়েছেন তিনি। তার লুক ও উপস্থাপনা অনেক ভক্তের প্রশংসা কুড়িয়েছে। কেউ তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকেই বিভিন্ন ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে ভিডিওটি ঘিরে সমালোচনাও কম হয়নি। পোশাক ও উপস্থাপনা নিয়ে কিছু নেটিজেন কটাক্ষ করলে তাদের জবাবও দিয়েছেন পরীমনি নিজেই, যা আলোচনাকে আরও উসকে দেয়।
প্রসঙ্গত, সর্বশেষ তাকে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায় দেখা গেছে। এছাড়া তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় চঞ্চল চৌধুরী-এর বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমাটি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা