জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। অনূর্ধ্ব-১২ শিক্ষার্থীদের জন্য আগে যেখানে ৫০টি আসন নির্ধারিত ছিল, এখন সেখানে অতিরিক্ত আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্পিকারের কাছে এ বিষয়ে আবেদন জানালে তা অনুমোদন করা হয়।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবে। এতে নতুন প্রজন্ম সংসদীয় প্রক্রিয়া, গণতান্ত্রিক চর্চা এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে জানার সুযোগ তৈরি করা জরুরি। তিনি অতীতের একটি উদাহরণ তুলে ধরে উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতেন, যাতে তারা দেশের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে পারে। একই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকেও রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এতে তারা সংসদের স্থাপত্যশৈলী, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখবে।