
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ ভবনে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ নবগঠিত অ্যাডহক কমিটিকে কটাক্ষ করে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, যেভাবে বোর্ডটি পরিচালিত হচ্ছে, তাতে এটি আর স্বাভাবিক একটি ক্রিকেট বোর্ড হিসেবে কাজ করছে না। তার ভাষায়, বোর্ডের নিয়ন্ত্রণ ও পরিচালনার ধরন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
এই মন্তব্যের পরপরই বিষয়টি নিয়ে সংসদে প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরকারি ক্ষমতা প্রয়োগ করেছেন। একই সঙ্গে একটি রিট বিচারাধীন থাকা অবস্থায় একতরফাভাবে বোর্ডের ভোটিং সম্পন্ন করার কথাও উল্লেখ করেন তিনি।
সংসদে এই বক্তব্য ও পাল্টা বক্তব্যের মাধ্যমে বিসিবির বর্তমান কাঠামো ও পরিচালনা পদ্ধতি নিয়ে নানা প্রশ্ন সামনে এসেছে। বিষয়টি ক্রীড়াঙ্গন ছাড়িয়ে এখন রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।