প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 30, 2026 ইং
অনুমোদনহীন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধে ইউজিসির নির্দেশ

দেশে অনুমোদন ছাড়াই পরিচালিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের কার্যক্রম বন্ধে নির্দেশ দিয়েছে University Grants Commission of Bangladesh।
সোমবার (৩০ মার্চ) কমিশনের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়া বিভিন্ন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এ ধরনের বেশ কিছু প্রতিষ্ঠানের তালিকা কমিশনের কাছে রয়েছে।
‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনার জন্য পূর্বানুমোদন বাধ্যতামূলক।
ইউজিসি নির্দেশ দিয়েছে, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদনের জন্য আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা