
জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দিলারা হাফিজ ইন্তেকাল করেন। এ খবর শুনে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন বলে জানান।
তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তার নেক আমলসমূহ কবুল করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদা দান করা হয়।
একই সঙ্গে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন এই কঠিন শোক সহ্য করার জন্য তাদের ধৈর্য ও শক্তি দান করেন।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মরহুমার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে।
পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে ঈদুল ফিতরের দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।