
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ–এর সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে Singapore General Hospital–এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। এরপর সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে বাদ যোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দিলারা হাফিজের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।