
বিশ্ব জ্বালানি বাজারে নতুন প্রভাব ফেলতে পারে এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাশিয়া। দেশটির সরকার ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রল রপ্তানি সাময়িকভাবে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই নিষেধাজ্ঞা জুলাইয়ের শেষ পর্যন্ত কার্যকর থাকতে পারে।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী Alexander Novak জ্বালানি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। রুশ সরকারের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা TASS জানিয়েছে, সম্ভাব্য এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে।
নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্বব্যাপী তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানি পণ্যের চাহিদা কিছুটা ইতিবাচক অবস্থানে রয়েছে।
রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ গত বছরের মতোই স্থিতিশীল রয়েছে। ফলে অভ্যন্তরীণভাবে তেলজাত পণ্যের সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হচ্ছে।
তবে এর আগে বিভিন্ন কারণে রাশিয়ায় পেট্রল সংকট দেখা দিয়েছিল। বিশেষ করে ইউক্রেনের হামলায় কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়া এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কিছু অঞ্চলে সরবরাহে ঘাটতি তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে দেশটি একাধিকবার পেট্রল ও ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে।
শিল্প সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ তৈরি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার মধ্যে সরবরাহে কোনো পরিবর্তন হলে আন্তর্জাতিক বাজারে দামের ওপর তার সরাসরি প্রভাব পড়তে পারে।