
আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সেনেগাল জাতীয় দলের কোচ পাপে থিয়াও। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “ট্রফি মাঠেই জেতা হয়, অন্য কোথাও নয়।”
শুক্রবার ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানান তিনি। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে থিয়াও বলেন, তার দল বিভ্রান্ত নয় এবং নিজেদের কাজেই মনোযোগী রয়েছে।
তিনি বলেন, “সবাই জানে আমরাই আফ্রিকার চ্যাম্পিয়ন। আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং ভবিষ্যতে আরও ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এগোব।”
শনিবার ফ্রান্সের স্টাদ দ্য ফ্রান্স-এ পেরুর বিপক্ষে মাঠে নামবে সেনেগাল। এটি বিশ্বকাপ প্রস্তুতির অংশ, যেখানে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ থাকবে ফ্রান্স, নরওয়ে এবং বলিভিয়া-ইরাক প্লে-অফের বিজয়ী দল।
গত ১৮ জানুয়ারি মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে সেনেগাল ১-০ ব্যবধানে শিরোপা জিতেছিল। কিন্তু ম্যাচের শেষদিকে পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জেরে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে বেরিয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা মাঠে ফিরে আসে। পরে মরক্কোর খেলোয়াড় ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি শট রুখে দিয়ে জয় নিশ্চিত করে সেনেগাল।
তবে পরবর্তীতে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (CAF) সেনেগালের বিরুদ্ধে টুর্নামেন্টের নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাচের ফল ১-০ থেকে পরিবর্তন করে ৩-০ করা হয় এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া সালিশি আদালতে আপিল করেছে সেনেগাল।
সেনেগাল দলের অধিনায়ক ইদ্রিসা গানা গেয়ে বলেন, “মাঠে আমরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা প্রমাণ করেছি। এখন সেটি মাঠের বাইরেও প্রমাণ করার চেষ্টা করব। আমরা কিছুই চুরি করিনি।”
তিনি আরও জানান, প্রয়োজনে উত্তেজনা কমাতে মরক্কোর কাছে পদক ফিরিয়ে দিতেও প্রস্তুত আছেন তিনি। তবে তার ভাষায়, “আমাদের অর্জনের অনুভূতি কোনো কিছু দিয়ে বদলানো সম্ভব নয়।”