
সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে গরমের অনুভূতি কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়া অফিস জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে এ ধরনের আবহাওয়া বিরাজ করছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান-এ, যা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে বান্দরবানেই, যার পরিমাণ ২১ মিলিমিটার।
আবহাওয়াবিদরা বলছেন, এই সময়টিতে মৌসুম পরিবর্তনের কারণে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা বাড়তে পারে। তাই বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।