
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক পোনে ৯টার দিকে উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নীতি দত্ত চাকমা (৪৫) ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর পানছড়ি উপজেলা সংগঠক ছিলেন। তিনি উপজেলার উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা এবং বর্ণনাতীত চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈসাবি মেলার আয়োজন উপলক্ষে একটি সামাজিক বৈঠকের প্রস্তুতি চলছিল। এ সময় নীতি দত্ত চাকমা সুতাকর্মপাড়ার একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ হয়ে নীতি দত্ত চাকমা ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বলে জানান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতালে মরদেহ নিতে এসে নিহতের স্ত্রী জেসমিন চাকমা গভীর শোক প্রকাশ করে বলেন, ‘স্বামীকে হারিয়ে এখন আমি নিরুপায়। তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কীভাবে চলবো বুঝতে পারছি না।’
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা এই হত্যাকাণ্ডের জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
ঘটনাটি পাহাড়ে চলমান আঞ্চলিক দ্বন্দ্ব ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।