
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে চিকিৎসাধীন এক যুবকের ওপর হাসপাতালের ভেতরে ঢুকে দুঃসাহসিক হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রাসেল বিশ্বাস (২৫)। তিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের সঙ্গে তার আপন ভাই পান্না বিশ্বাসের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেল বিশ্বাসকে মারধর করে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও নিরাপদ ছিলেন না তিনি। শুক্রবার সকালে আবারও প্রতিপক্ষের লোকজন হাসপাতালে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতের ভাই রবিউল বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আমার চাচা পান্না বিশ্বাসের সঙ্গে বিরোধ চলছিল। এর জেরেই বৃহস্পতিবার রাতে আমার ভাইকে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।’
তিনি আরও বলেন, বর্তমানে রাসেলের অবস্থা সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে।
অভিযুক্ত পান্না বিশ্বাসের বক্তব্য জানার জন্য তার বাড়িতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে উপস্থিত হয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।