
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। তাদের পাশাপাশি দীঘিনালা জোনের সেনাবাহিনী ও স্থানীয় লোকজন আগুন নেভাতে সহায়তা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামালসহ সব কিছুই পুড়ে গেছে। এতে তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন জানান, আগুনে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রাতের অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অনেকেই কিছুই উদ্ধার করতে পারেননি।
এদিকে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।