
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্ক-এ জাতিসংঘ সদর দপ্তর-এ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী-কে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটে বাংলাদেশের এই নেতৃত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ইতিবাচক উদাহরণ।
আলোচনায় বৈশ্বিক নানা ইস্যুও গুরুত্ব পায়। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলমান জ্বালানি সংকট এবং এর ফলে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর যে অসম প্রভাব পড়ছে, তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক তেলবাজারের অস্থিরতা দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে চাপের মুখে ফেলছে।
এ সময় প্রধানমন্ত্রী পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন গুতেরেস এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সবশেষে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ভূমিকা এবং মানবিক উদ্যোগকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।