
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা-র নৌপথে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে চলা একটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কাপ্তাই লেক-এর পাগুজ্যাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুরাছড়ি থেকে রাঙ্গামাটিগামী যাত্রীবাহী লঞ্চটি ডুবে থাকা একটি গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে লঞ্চের তলা ফেটে গিয়ে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে।
হঠাৎ এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দিশেহারা হয়ে পড়েন এবং ছুটোছুটি শুরু করেন। তবে লঞ্চের চালক দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কাছাকাছি তীরে লঞ্চটি ভিড়াতে সক্ষম হন।
তীরে পৌঁছানোর পর সকল যাত্রীকে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। এতে কোনো ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি লঞ্চ মালিক সমিতির লাইনম্যান বিশ্বজিৎ দে জানান, চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং দ্রুত পদক্ষেপের কারণেই বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত।
পরে বিকল্প একটি বোটের মাধ্যমে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পাঠানো হয়। লঞ্চটি খালি করার পর সেটিকে রাঙ্গামাটি সদরে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় নৌপথে চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কাপ্তাই লেক এলাকায় ডুবে থাকা গাছ বা প্রতিবন্ধকতা শনাক্ত করে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।