
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ অবরোধের হুমকি দিয়েছে ইরান। হরমুজ প্রণালির পর এবার লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা কৌশলগত জলপথ বাব আল-মান্দেব প্রণালী ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানি বার্তা সংস্থা Fars News Agency এক প্রতিবেদনে জানায়, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
আইআরজিসির এক জ্যেষ্ঠ কমান্ডার বলেন, ইরানের দ্বীপপুঞ্জ বা মূল ভূখণ্ডে স্থল হামলার পরিকল্পনা নেওয়া হলে কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগরে শত্রুপক্ষের তৎপরতা বাড়লে বাব আল-মান্দেব প্রণালীতে নতুন ফ্রন্ট খোলা হতে পারে।
ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং পরোক্ষভাবে সুয়েজ খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশের চলাচল নিয়ন্ত্রণ করে।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অবরোধ বা সংঘাত সৃষ্টি হলে তা বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
যদিও বাব আল-মান্দেব প্রণালিটি সরাসরি ইয়েমেন-এর সীমানার কাছে অবস্থিত, তবে সেখানে প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইরানের সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয়। কারণ ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইআরজিসি ইতোমধ্যে হুথি গোষ্ঠীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছে এবং প্রয়োজনে তারা সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে।
এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এই ধরনের হুমকি বাস্তবায়িত হলে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।