
ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে তার চোট নিয়ে ছড়ানো ‘ভুল হাঁটুতে চিকিৎসা’ বিতর্কে অবশেষে মুখ খুলেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, রিয়াল মাদ্রিদ গত ডিসেম্বরে এমবাপ্পের বাম হাঁটুর চোট থাকা সত্ত্বেও ভুল করে তার ডান হাঁটু পরীক্ষা করেছিল। বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
তবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি সরাসরি উড়িয়ে দেন এমবাপ্পে। তিনি বলেন, “ভুল হাঁটুতে পরীক্ষা করা হয়েছে—এই খবরটি একেবারেই মিথ্যা।”
এই বিভ্রান্তির পেছনে যোগাযোগের ঘাটতির বিষয়টিও আংশিকভাবে স্বীকার করেন তিনি। এমবাপ্পে বলেন, “সম্ভবত আমি নিজেও কিছুটা দায়ী। সবকিছু পরিষ্কারভাবে ব্যাখ্যা না করলে ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি হয়।”
গত ডিসেম্বরে বাম হাঁটুতে চোট পাওয়ার পর কিছু ম্যাচ খেললেও পরে প্রায় সাড়ে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় তাকে। পুনর্বাসন শেষে তিনি আবার দলে ফিরেছেন এবং সাম্প্রতিক ম্যাচগুলোতে বদলি হিসেবে মাঠে নেমেছেন।
এমবাপ্পে জানান, ক্লাবের সঙ্গে তার যোগাযোগ সবসময়ই পরিষ্কার ছিল। “রিয়াল মাদ্রিদের সঙ্গে আমার যোগাযোগে কোনো সমস্যা ছিল না, পুনর্বাসনের সময়ও,”—যোগ করেন তিনি।
চোটের সময়টা মানসিকভাবে কঠিন ছিল বলেও স্বীকার করেছেন এই ফরোয়ার্ড। তিনি বলেন, “অনেক হতাশা, রাগ আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবে এখন সব ঠিক আছে।”
বর্তমানে ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এমবাপ্পে। সামনে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দলটি। তবে তাকে শুরুর একাদশে রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে এমবাপ্পে চোটে থাকাকালীন সময়েও রিয়াল মাদ্রিদ দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নেওয়ায় সন্তুষ্ট এই তারকা ফুটবলার।
তিনি বলেন, “আমরা মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আছি। আমাকে ছাড়া দল ভালো খেলছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সবশেষে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে এমবাপ্পে বলেন, “আমি এখন পুরোপুরি ফিট এবং খেলার জন্য প্রস্তুত।”