
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দিদারুল ইসলাম মেহেরাজ, আব্দুর রহমান আকাশ, সাজ্জাদ হোসেন রিফাত, আয়ান হোসেন মিলন, আরিফ হোসেন, হৃদয় হোসেন, মো. সাকিব ও মেহেরাজ হোসেন ইমন। তারা দেওপাড়া, লতিফপুর, পশ্চিম লতিফপুর ও পাঁচপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা রায়হান কাজেমী জানান, “আটকদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। গুলিবিদ্ধ আব্দুর রহিম সুস্থ হলে তার পক্ষ থেকে মামলা করা হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়ন-এর দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিএনপি কার্যালয়ের সামনে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
সংঘর্ষে আব্দুর রহিম (৫০) নামে এক পথচারী গুলিবিদ্ধ হন। এছাড়া মানিক নামে আরেক ব্যক্তি মারধরের শিকার হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুলিবিদ্ধ আব্দুর রহিম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে এক পক্ষের নেতৃত্বে ছিলেন রাকিব পাটওয়ারী এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন মিতুল। অভিযোগ রয়েছে, রাকিব পাটওয়ারীর অনুসারীরা অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।