
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে জেলা প্রশাসন। এখন থেকে সাতক্ষীরা জেলায় বাইকে জ্বালানি নিতে হলে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম। একই সঙ্গে মাইকিং করে পুরো জেলায় এ নির্দেশনা প্রচার করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে জ্বালানি সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল দেওয়া যাবে না।
এছাড়া তেল নেওয়ার সময় চালকদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে। হেলমেট পরাও বাধ্যতামূলক করা হয়েছে।
জেলা প্রশাসনের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এই ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, প্লাস্টিকের বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল বেচাকেনাও বন্ধ থাকবে। নিয়ম অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রশাসন।
এদিকে নতুন এই নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়।
তবে অনেক বাইক মালিক এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, ফুয়েল কার্ড সংগ্রহ করা নতুন করে ভোগান্তির কারণ হবে। স্থানীয় বাসিন্দা জয়দেব দাস বলেন, “যাদের কাগজপত্র ঠিক আছে, তারা তেল পাবে। কিন্তু এতে অনেকেই সুযোগ নিয়ে বেশি দামে তেল বিক্রি করতে পারে।”
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, জেলার বাইরে থেকে আসা গাড়িচালকরাও তেল পেতে সমস্যায় পড়বেন, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের উদ্দেশ্য শৃঙ্খলা নিশ্চিত করা হলেও বাস্তব প্রয়োগে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।a