
রাজধানীর ঢাকা বোট ক্লাব-এ তিন দিনব্যাপী ঘুড়ি উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। ক্লাবের নির্বাহী কমিটি ২০২৫-২৬-এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নেন ক্লাব সদস্য ও তাদের পরিবারবর্গ, বিশেষ করে শিশু-কিশোররা।
২১ মার্চ (ঈদের দিন) থেকে শুরু হয়ে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত চলা এই উৎসব প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাব সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত হয়। উৎসবজুড়ে আকাশ ভরে ওঠে নানা রঙের ঘুড়িতে, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস যোগ করে।
উৎসব সফলভাবে আয়োজনের জন্য ক্লাবের প্রেসিডেন্ট রুবেল আজিজ নির্বাহী কমিটি ও সংশ্লিষ্ট সকল সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঢাকা শহরে খোলা জায়গা ও মাঠের অভাবে শিশু-কিশোররা দিন দিন আউটডোর খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। ফলে তারা সুস্থ বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”
তিনি আরও জানান, ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত এ ধরনের আয়োজন চালু রাখার পরিকল্পনা রয়েছে, যাতে শিশু-কিশোরদের সুস্থ বিনোদন নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট ইনচার্জ নকিব সরকার অপুসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সৈয়দ আবু সোলাইমান (রানা), আব্দুস সবুর খান, জেসমুল হুদা মেহেদী অপু, খালেদা আক্তার জাহান, আতিকুর রহমান, মির্জা অনিক ইসলাম, আসমা আজিজ, আলীম আল কাজী তুহিন ও মনির হোসেন ইমন প্রমুখ উৎসবে অংশ নিয়ে শিশু-কিশোরদের উৎসাহিত করেন।
উৎসবের মাধ্যমে পরিবারগুলো একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছে, যা নগরজীবনের ব্যস্ততার মধ্যে এক ভিন্নধর্মী আনন্দ এনে দিয়েছে। আয়োজকরা আশা করছেন, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করা হবে।