
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যান-এ অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ সমাধিস্থলে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, একই দিনে সকাল ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তিনি জিয়া উদ্যানে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য স্মরণ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন।
দিনটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘কুচকাওয়াজ’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানে সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া উদ্যানে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করা হয়।