
পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় বুধবার (২৫ মার্চ) ভোরে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহতরা হলেন রেজাউল করিম (২৮) এবং নাছির উদ্দিন ফকির (৪২)।
স্থানীয়রা জানান, রাঙ্গাবালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া ট্রলারটি নদীর বামনিকাঠী পয়েন্টে পৌঁছালে ঢাকার পথে যাওয়া এমভি আওলাদ-৭ নামের ডবল ডেকার লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার সময় অন্যান্য যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও রেজাউল করিম ও নাছির উদ্দিন মারা যান।
ঘটনার সময় নদীজুড়ে ঘন কুয়াশা বিরাজ করছিল এবং ট্রলারের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।