
নাটোর সদরের হাশেমপুর এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নিজের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে মইন উদ্দিন সিয়ামকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়িতে অবস্থানকালে মহরম আলির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে গেছে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই তদন্তে নামে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে মইন উদ্দিন সিয়ামকে মঙ্গলবার রাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, পূর্বপরিকল্পিতভাবেই বাবাকে হত্যার উদ্দেশ্যে ঢাকার কর্মস্থল থেকে ঈদের মধ্যে বাড়িতে ফিরে আসে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।