প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2026 ইং
জমি নিয়ে বিরোধ, গাইবান্ধায় বাবার কবর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে

উত্তরাঞ্চলের Gaibandha জেলার সদর উপজেলায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার প্রায় ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তবে বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন ছোট ছেলে শাহ আলম মিয়া শালু। অভিযোগ রয়েছে, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার ভাগে বেশি জমি পড়েছে—এই দাবি তুলে ক্ষোভে মঙ্গলবার দুপুরে বাবার কবর ঘিরে থাকা অংশ ভাঙচুর করেন তিনি।
ঘটনাস্থলটি ইকবাল মিয়ার জমির মধ্যেই অবস্থিত ছিল বলে জানা গেছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সর্বশেষ ওই বিরোধের জের ধরেই এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করছেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন এবং কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি দিতেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। আমজাদ নামের এক বাসিন্দা বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। একইভাবে অন্য ভাইদের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়েছে। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা