প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 24, 2026 ইং
টাকা পাচারেই ব্যাংক খাতে সংকট: এ্যানি চৌধুরী
লক্ষ্মীপুর জেলায় এক অনুষ্ঠানে দেশের ব্যাংক খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত সরকারের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশের ৭-৮টি ব্যাংক বর্তমানে অচল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি ব্যাংকে আটকে আছে। এই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তিনি উল্লেখ করেন, শুধু একটি ব্যাংক নয়, বরং দেশের একাধিক ব্যাংক একই ধরনের সংকটে রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারকে একটি কঠিন সময়ে দায়িত্ব নিতে হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলা করা সহজ নয়। এ জন্য সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এ্যানি চৌধুরী দেশের উন্নয়ন প্রকল্প নিয়েও সমালোচনা করেন। তার ভাষায়, গত কয়েক বছরে অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, কিন্তু এসব প্রকল্পের সুফল সাধারণ জনগণ তেমনভাবে পায়নি। কিছু প্রকল্প প্রয়োজনীয় হলেও অনেক প্রকল্প অপ্রয়োজনীয় ছিল বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এক হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটি টাকায় বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর মাধ্যমে বড় ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জোর দিয়ে বলেন, ভবিষ্যতে কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হবে। জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি সরকারি কর্মকর্তা বা রাজনৈতিক ব্যক্তি যেই হোন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তারা এই অবস্থানে পৌঁছেছেন। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম, এসইউএম রুহুল আমিন ভূঁইয়া এবং হাছিবুর রহমান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা