
ভারত মহাসাগরের চাগাস দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়া-তে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় শনিবার এই হামলার খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ব্যর্থ হয়েছে এবং কোনো ক্ষতি হয়নি।
হামলার সময় ইরান দাবি করেছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তারা জানিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং কেন্দ্রের আশপাশের বাসিন্দারা ঝুঁকিমুক্ত রয়েছেন।
বিবিসির প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিক জনাথন বেইল জানিয়েছেন, দিয়েগো গার্সিয়ায় অবস্থিত ব্রিটিশ সার্বভৌম ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সঠিক। তবে দুইটি ক্ষেপণাস্ত্রই ঘাঁটিতে পৌঁছাতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথমে খবরটি প্রকাশ করে। পরে বিবিসি বিভিন্ন সূত্রের সাথে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি। তারা জানিয়েছে, ইরানের এই বেপরোয়া হামলা ব্রিটিশ স্বার্থ এবং মিত্রদের জন্য হুমকি।
এর পাশাপাশি যুক্তরাজ্য মার্কিন বাহিনীকে দিয়েগো গার্সিয়া থেকে ‘প্রতিরক্ষামূলক বোমাবর্ষণ অভিযান’ পরিচালনার অনুমতি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র সাইপ্রাসের আরএফ আক্রোতিরি থেকে হামলা চালানোর অনুমতি পায়নি।
এই ঘটনায় ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ঘাঁটি ও নিরাপত্তা ব্যবস্থার দিকে রয়েছে।