
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে কূটনৈতিক ও অর্থনৈতিক আলোচনা শুরু হয়েছে। ইরান জানিয়েছে, এই প্রণালি সব দেশের জাহাজের জন্য উন্মুক্ত রাখা হবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই সুবিধা পাবে না।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) দেশটির প্রতিনিধি আলি মুসাভি এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
তবে তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন দায়ী। তার মতে, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক কর্মকাণ্ডের কারণে এই পথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
মুসাভি আরও বলেন, ইরান সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। কিন্তু সেই প্রক্রিয়া কার্যকর করতে হলে আগ্রাসন বন্ধ হওয়া এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আস্থা পুনর্গঠন প্রয়োজন।
হরমুজ প্রণালি বিশ্বের তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হিসেবে বিবেচিত। এ পথে কোনো ধরনের সীমাবদ্ধতা বা উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। ফলে ইরানের এই ঘোষণাকে আন্তর্জাতিক মহল গভীরভাবে পর্যবেক্ষণ করছে।