
সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর এই দিনে আনন্দের বার্তা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। রাজধানীর মসজিদ ও ঈদগাহগুলোতে সকাল থেকেই মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার (২১ মার্চ) সকাল থেকেই ঈদের আমেজ ছিল চোখে পড়ার মতো। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা, ৮টা এবং ৯টায় পর্যায়ক্রমে তিনটি ঈদের জামাত সম্পন্ন হয়েছে।
প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মো. জাকির হোসেন। প্রতিটি জামাতেই বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণ দেখা গেছে। প্রথম জামাত শুরুর আগেই মসজিদ প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায় এবং অনেক মুসল্লিকে আশপাশের সড়কে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হয়েছে।
পরবর্তী জামাতগুলো সকাল ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাতে অংশ নিয়ে অনেক মুসল্লি আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফ চেয়ে রমজানের ইবাদত কবুল হওয়ার প্রার্থনা করেন। একই সঙ্গে দেশের ওপর থেকে সব ধরনের বিপদ-আপদ দূর হয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক—এমন প্রার্থনাও করা হয়।
সব মিলিয়ে ধর্মীয় আবহ, ভ্রাতৃত্ববোধ এবং আধ্যাত্মিক অনুভূতির মধ্য দিয়ে বায়তুল মোকাররমে ঈদের জামাতগুলো সম্পন্ন হয়েছে।