
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এসেছে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। চারদিকে অনিশ্চয়তা ও হামলার আশঙ্কা থাকলেও উৎসবের আমেজ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হননি প্রবাসী বাংলাদেশিরা। এরই একটি ব্যতিক্রমী চিত্র দেখা গেছে পারস্য উপসাগরে আটকে থাকা একটি জাহাজে, যেখানে অবস্থানরত ৩১ জন বাংলাদেশি নাবিক জাহাজেই ঈদের নামাজ আদায় করেছেন।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নেভিগেশন ব্রিজে একত্রিত হয়ে তারা ঈদের জামাত আদায় করেন। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ১০ দিন ধরে পারস্য উপসাগরে আটকে আছে জাহাজটি, ফলে স্বাভাবিকভাবে বন্দরে নেমে ঈদ উদযাপনের সুযোগ পাননি তারা।
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শঙ্কার মধ্যেই নাবিকরা নিজেদের মতো করে ঈদের দিনটি কাটিয়েছেন। সকালে ছিল সেমাই, নুডলস, খেজুর, ডিম ও জুসের আয়োজন। দুপুরে ঈদের বিশেষ খাবার হিসেবে পরিবেশন করা হয় পোলাও, উটের মাংস, গরুর মাংস ও স্মোকড ফিশ। একসঙ্গে নামাজ আদায়, ছবি তোলা, গান শোনা, সিনেমা দেখা ও আড্ডার মধ্য দিয়ে সীমিত পরিসরেই তারা ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি কাতার থেকে স্টিল কয়েল নিয়ে দুবাইয়ের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। পরদিন থেকেই শুরু হয় আঞ্চলিক সংঘাত। পণ্য খালাসের পর ১১ মার্চ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা ঝুঁকির কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে জাহাজটি পারস্য উপসাগরেই অবস্থান করছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং জাহাজটি দেশে ফিরতে পারবে, তা এখনো অনিশ্চিত।