
বরিশালে হানিফ পরিবহন-এর একটি বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২১ জন যাত্রীর কাছ থেকে নেওয়া বাড়তি টাকা ফেরত দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি পরিবহনকে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিআরটিএ বরিশাল কার্যালয়ের পরিদর্শক সৌরভ সাহা জানান, ঢাকা থেকে স্বরূপকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে থাকা ২১ জন যাত্রীর বরিশালে নামার কথা ছিল। নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ৫৬৫ টাকা করে ভাড়া নেওয়ার কথা থাকলেও প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বললে তারা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরিবহন কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।
এছাড়াও অভিযানে শ্যামলী পরিবহনের দুটি বাস ও মেঘনা পরিবহনের একটি বাসকে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।