
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়নে বিশ্বাস করে। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৬ মার্চ) সকালে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের সময় ঘোষণা করেছিলেন যে ভোটের কালির দাগ আঙুল থেকে মুছে যাওয়ার আগেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে সেই ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে এবং এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে।
এছাড়া কৃষকদের জন্য কৃষক কার্ড কর্মসূচিও খুব শিগগিরই চালু করা হবে বলে তিনি জানান।
তিনি বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদানের উদ্যোগও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে এবং এর পাইলট প্রকল্প ইতোমধ্যে শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে প্রতিমন্ত্রী খাল খনন প্রকল্পের নামফলক উন্মোচন করেন।
এ সময় তিনি খালপাড়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দেশীয় প্রজাতির পাঁচ ধরনের মাছের পোনা অবমুক্ত করেন।
এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় জলাশয়ের উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নদী-নালা ও খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।
মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু বলেন, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নের প্রতিফলন এখন বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে দেখা যাচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান শুরু হয়েছে এবং খাল খনন কর্মসূচিও বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরের দেশব্যাপী নদী, খাল, নালা ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় সিংড়ার খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।
এই প্রকল্পের আওতায় কাজলকোঠা বিল থেকে কলমোহনা পর্যন্ত প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখনন করা হবে।