
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন কাজ করতে চায় যাতে সাধারণ মানুষের উপকার হয়। তিনি বলেন, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল এবং বেগম খালেদা জিয়ার দল। এই দল সবসময় জনগণের কল্যাণে কাজ করার নীতি অনুসরণ করে।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং তাদের বড় একটি অংশ কৃষির সঙ্গে জড়িত।
এই বাস্তবতা বিবেচনায় সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
তিনি জানান, কৃষকদের সহায়তার জন্য মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে।
এর মাধ্যমে কৃষকদের আর্থিক চাপ কিছুটা কমবে এবং তারা নতুন উদ্যমে কৃষিকাজ চালিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নত করতে এবং কৃষি উৎপাদন বাড়াতে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কারণে সারা দেশে খাল খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে প্রতীকীভাবে খাল খননের কাজ শুরু করেন।
এছাড়া অনুষ্ঠানে একটি গাছের চারা রোপণও করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ অন্যান্য নেতারা।
এর আগে প্রধানমন্ত্রী সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান।
সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোল উপজেলার অনুষ্ঠানে যোগ দেন তিনি।