
রাজধানীর খিলক্ষেত এলাকায় মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)–এর তিন কর্মীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরগুনা সদর উপজেলার বাসিন্দা মো. রাজিব হোসেন (২৫), রাজ্জাক মিয়া (৫৭) এবং জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ফরিদ জামান (৬৪)।
আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত ও আহত সবাই ডেসকোর একটি আউটসোর্সিং বা সাব-ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন।
ঘটনার সময় তারা মাটির নিচে বিদ্যুতের লাইন বসানোর কাজে নিয়োজিত ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে নিহত তিনজনের মরদেহ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
আহত দুইজনও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খাঁপাড়া এলাকায় একটি মন্দিরের পাশ থেকে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার কাজ করছিলেন ওই কর্মীরা।
এ সময় অসাবধানতাবশত ওই তার অন্য একটি সচল বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে স্পর্শ করে।
এর ফলে ঘটনাস্থলেই পাঁচজন কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।