
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের ফেরার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। পাকিস্তান সিরিজ দিয়েই তার জাতীয় দলে ফেরার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি।
মূলত সাকিব আল হাসানের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে অগ্রগতি না হওয়ায় তিনি দেশে ফিরতে পারেননি বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এরপর সাকিব কবে আবার জাতীয় দলে ফিরবেন—তা নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সেখানে তিনি জানান, আইনি সমস্যাগুলো সমাধান হলেই দ্রুত দেশে ফিরে আসার আশা করছেন তিনি।
সাকিব বলেন, ‘আশা করি ফিরতে পারব। আসলে সবগুলো বিষয়ই এখন আইনের জটিলতায় আটকে আছে। এগুলো সমাধানের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে আন্তরিক রয়েছে বলে তিনি মনে করেন।
তার ভাষায়, ‘আমার মনে হয় বিসিবি এখন পর্যন্ত আন্তরিক আছে। তাদের আন্তরিকতা যদি আরেকটু বেশি হয়, তাহলে হয়তো বিষয়গুলো আরও দ্রুত সমাধান করা সম্ভব হবে।’
আইনি জটিলতা কাটলে দ্রুত দেশে ফেরার আশাও প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, ‘যেহেতু এটি আইনি বিষয়, তাই এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তাই কত সময় লাগবে বা কত দ্রুত সমাধান হবে, তা আমার পক্ষেও বলা কঠিন।’
সাকিব জানান, বর্তমানে আইনি সমস্যাগুলো সমাধানের অপেক্ষাতেই আছেন তিনি।
তার ভাষায়, ‘আইনি সমস্যাগুলো যদি সমাধান হয়ে যায়, যত দ্রুত সম্ভব আমি দেশে ফিরে আসব। যেদিন সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার পরের দিনই ফিরে আসব।’
পডকাস্টে আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের রহস্য স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়েও কথা বলেন সাকিব।
তিনি জানান, এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে উসমান তারিকের মুখোমুখি হয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘আমি তো ওকে আগেও খেলেছি। সিপিএলে খেলেছি। ওর অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া অবশ্যই কঠিন।’
তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে এমন বোলারদের বিরুদ্ধে খেলতে খেলতে ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেন।
তবে যারা প্রথমবার এমন বোলারের মুখোমুখি হন, তাদের জন্য বিষয়টি কিছুটা কঠিন হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি।
সাকিব বলেন, ‘মাঝে মাঝে এরকম ব্যতিক্রমী বোলার আসে। যেমন অজন্তা মেন্ডিস ছিল। আরও অনেক রহস্যময় বোলার এসেছে। মুরালি (মুরালিধরন) ছিল।’
তার মতে, ক্রিকেটে এমন রহস্যময় বোলারদের আগমন মাঝেমধ্যেই ঘটে।