
দেশের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, এই পরিকল্পনার আওতায় শুধু ইসলাম শিক্ষা নয়, বরং সব ধর্মের নৈতিক শিক্ষার ওপর সমান গুরুত্ব দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা এবং সহনশীলতা গড়ে তুলতে ধর্মীয় শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে সরকার আশা করছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষা নিয়েও বক্তব্য দেন।
তিনি জানান, বর্তমানে দেশে মোট ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।
সরকার নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
তার মতে, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো, শিক্ষা কার্যক্রম এবং গবেষণার মান উন্নয়ন করা জরুরি।
তবে ভবিষ্যতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন দেখা দিলে সরকার বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়েও সরকার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির অপেক্ষায় থাকা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন রয়েছে।
এসব আবেদন নতুন করে যাচাই-বাছাই করার জন্য পুনরায় আবেদন আহ্বান করা হবে।
এর মাধ্যমে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে জাতীয় সংসদের অধিবেশন রোববার বেলা ১১টায় শুরু হয়।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।
এই আলোচনার অংশ হিসেবে রোববার থেকেই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়েছে।