
দেশের কৃষকদের জন্য নতুন একটি উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী পহেলা বৈশাখে করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড কর্মসূচি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টাদের সঙ্গে কর্মসূচির প্রস্তুতি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বৈঠকে অংশ নেন।
বৈঠকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি কীভাবে বাস্তবায়ন করা হবে এবং এর বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি দিক নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জন্য নির্ধারিত বিভিন্ন সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের বড় একটি জনগোষ্ঠী সরাসরি কৃষির সঙ্গে যুক্ত থাকায় এই খাতকে শক্তিশালী করা সরকারের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই প্রেক্ষাপটে কৃষকদের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে কৃষক কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে।
পহেলা বৈশাখে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এটি সারাদেশে কার্যক্রম শুরু করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে মতামত দেন এবং কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী বৈঠকে কর্মসূচিটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন বলেও জানা গেছে।