
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। রিজভী জানান, রোববার দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশের মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিতে প্রস্তুত। তার ভাষায়, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের আবেগের প্রতিফলন। সেই আবেগ ধারণ করেই ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে বিএনপির এই নেতা বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই দলের প্রত্যাশা।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।