
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ইশতেহার প্রকাশ করা হবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়েই ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইশতেহারের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরা হবে। একই সঙ্গে জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা নিয়ে জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার জাতির সামনে উপস্থাপন করা হবে।
নির্বাচনের প্রাক্কালে ইশতেহার ঘোষণার মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করতে চায় দলটি।